বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুরে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
পর্যটন সম্পর্কে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানো এবং দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরতে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা। ব্যতিক্রমী এ আয়োজনের মধ্য দিয়ে খেলাধুলার পাশাপাশি দেশের পর্যটনকেন্দ্র, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ডঃ নজরুল কবির। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পর্যটনে তারুণ্যের উৎসব কার্যক্রমের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে তরুণদের দেশের পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত করা এবং পর্যটন খাতের উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা লুডু খেলার মাধ্যমে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেন। প্রচলিত খেলার সঙ্গে পর্যটনকে যুক্ত করে তরুণদের কাছে দেশের দর্শনীয় স্থান, ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরার এ উদ্যোগকে ব্যতিক্রমী আয়োজন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে বৈচিত্র্যময় একটি দেশ। এসব পর্যটনসম্পদের যথাযথ পরিচিতি ও প্রচার বাড়াতে তরুণদের সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখার আগ্রহ তৈরি হবে এবং দেশীয় পর্যটনের প্রসার ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।
আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে পর্যটন বিষয়ে সচেতন করা এবং দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পর্যটনকে জনপ্রিয় করতে বিনোদনমূলক ও অংশগ্রহণমূলক আয়োজন ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।