আলমডাঙ্গা পৌরসভার ১৬ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা

খন্দকার শাহ আলম মন্টু

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আলমডাঙ্গা পৌরসভায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর আলমডাঙ্গা পৌরসভায় মোট ১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। ১২ অক্টোবর সকাল ১১টার দিকে আলমডাঙ্গা পৌরসভার হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার।

সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, জনসাধারণের চলাচল এবং পূজা উদযাপন কমিটির করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্ব দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাকীবুল ইসলাম। এ ছাড়া পৌরসভার হিসাবরক্ষক প্রদীপ কুমার, পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস ও সদস্যসচিব পরিমল কুমার কালু ঘোষ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সিএএইচআর জীবন, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মামুন আক্তার, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক তন্ময় ধর, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা ও সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির সাধারণ সম্পাদক পলাশ আচার্য, স্টোনপাড়া মন্দির কমিটির সভাপতি জয় বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এ ছাড়া পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন সভায় অংশ নেন।

সভায় দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা বজায় রাখা, পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।