জীবননগর অফিস
জীবননগরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
প্রেস কনফারেন্সে ইউএনও জানান, জীবননগর উপজেলায় মোট পরিবারের সংখ্যা ৫৬ হাজার ১২টি। ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ৮ জন সুপারভাইজার ও ৮১ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। সমাজসেবা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রথম পর্যায়ে আন্দুলবাড়িয়া, কেডিকে ও মনোহরপুর ইউনিয়নে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, সোমবার থেকে আন্দুলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনটি ইউনিয়নের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আফরিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী এবং জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা।



