পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কিরনগাছি গ্রামের নতুন মসজিদপাড়ায় এক প্রবাসীর ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দেয়াল টপকে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণের চেইন, জমির দলিল, জামাকাপড়সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লালচান আলী ওই গ্রামের জাহাবক্সের ছেলে। তিনি প্রবাসে থাকেন।
জানা গেছে, বাড়িতে কেউ না থাকায় সুযোগে চোরেরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে জানালা ভেঙে ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



