চুয়াডাঙ্গায় বাস-ইজিবাইক দ্বন্দ্বে সড়ক অবরোধ, তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে অটোভ্যান ও ইজিবাইক আটকে যাত্রীদের মারধরের প্রতিবাদে আলুকদিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শনিবার (১০ অক্টোবর) দুপুর ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গা জেলা শহর থেকে আলুকদিয়া পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। পরে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে অটোভ্যান ও ইজিবাইক আটকে যাত্রীদের মারধরের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী আলুকদিয়ায় লোকাল বাস চলাচলে বাধা দেন। এ সময় তারা প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থান নেন। বাস মালিক-চালক ও ইজিবাইক মালিক-চালকদের মধ্যে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সড়ক অবরোধের কারণে আলুকদিয়া থেকে জেলা শহর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে পড়ে। এতে কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাঁর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

সন্ধ্যা ৬টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।