দামুড়হুদার চারুলিয়ায় রাতের আঁধারে কৃষকের ফলন্ত পাতাকপি কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা

দামুড়হুদা অফিস

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামে রাতের আঁধারে শরিফুল ইসলাম(৩৮) নামের এক কৃষকের ফলন্ত পাতাকপি কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম। ধারদেনা ও পরিশ্রমের বিনিময়ে ফলানো ফসল এভাবে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

শরিফুল ইসলাম চারুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, লিজ নেওয়া এক বিঘা জমিতে বাম্পার ফলনের আশায় পাতাকপি চাষ করেছিলাম। কিন্তু রাতের আঁধারে কে বা কারা জমিতে ঢুকে ফলন্ত পাতাকপি কেটে নষ্ট করে দিয়েছে। আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছে কি করে সংসার চালাবো সেই দুশ্চিন্তাই এখন আমার পরিবার। 

গতকাল শুক্রবার সকালে জমিতে গিয়ে ফসলের এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম একজন দরিদ্র কৃষক। এলাকায় কারও সঙ্গে তাঁর মারামারি বা শত্রুতার কথা তাঁদের জানা নেই। এমন অবস্থায় একজন কৃষকের স্বপ্ন ও জীবিকার সম্বল এভাবে নষ্ট করায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের মতে, কৃষকের ফসলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে।

একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে ফসল বিক্রির আশায় দিন গোনা—সবকিছু মিলিয়ে কৃষকের জীবনে এমন ঘটনা বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। রাতের আঁধারে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।