লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি করা ও মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করায় আন্দুলবাড়িয়ায় ৩ ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে গ্যাস ব্যবসায় লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে মোট ৪২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্যাস, ওষুধ ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের মূল্য ও মান তদারকি করা হয়।

অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের চঞ্চল গ্যাস হাউজকে ২০ হাজার টাকা এবং মো. নাজমুল হাসানের মেসার্স হাসান ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মো. হুমায়ন কবিরের মেসার্স এফ এন এফ ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ বা শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।