চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মেধাবী ও কৃতি সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।