স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম কিবরিয়া (৫৫) নামে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম কিবরিয়া মৃত কায়েম আলী মণ্ডলের ছেলে। তাঁর আগের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মুচিপাড়ায়। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজপাড়ায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলাম কিবরিয়ার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবারই পরিবারের নতুন ভবনে ওঠার কথা ছিল। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকেল ৪টায় গোলাম কিবরিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়।



