নাজমুল হক শাওন, আলমডাঙ্গা
‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’—এই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দোয়ারপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বেলগাছী ইউনিয়নের দোয়ারপাড়ায় দোয়ারপাড়া ঐক্য যুব ক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবক, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নওদাবন্ডবিল-ফরিদপুর দোয়ারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বিকাশ চন্দ্র সরকার বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। সন্তানকে মাদক থেকে দূরে রাখতে পরিবারের পাশাপাশি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, মাদকের কারণে একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়তে পারেন এবং সন্তানদের পড়াশোনা ব্যাহত হতে পারে। এতে পারিবারিক সম্পর্কেও দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই মাদক প্রতিরোধকে শুধু আইনগত বিষয় হিসেবে না দেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, বেলগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী, ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দীন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব ও সাবলুল রহমান, ব্যবসায়ী হাজী লিটন মিয়া এবং সমাজসেবক সিতাব মন্ডল ও আমির হামজা।
ছাত্রনেতা আজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুল রহমান মন্ডল, গ্রাম পুলিশ আব্দুর রশিদ, দোয়ারপাড়া ঐক্য যুব ক্লাবের সভাপতি আল আমিন বাপ্পি, সাধারণ সম্পাদক পিন্টুর রহমান, মিঠুল মন্ডল, মহরম মন্ডল, মনি, শিপন, ইসরাফ, ভিকু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভা শেষে মাদকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
আয়োজক ও স্থানীয়রা জানান, মাদক প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা সম্ভব।
আলমডাঙ্গার দোয়ারপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা



