তিতুদহে ২ শতাধিক অসহায় শিশুকে নিয়ে দিনব্যাপি মানবতার উৎসব

তিতুদহ প্রতিনিধি
বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে ২ শতাধিক এতিম, অসহায় ও দুস্থ মাদরাসা শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জন্য সংস্থা’। শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে গতকাল শুক্রবার ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদরাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে শিক্ষার্থী, সমাজসেবক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানবতার জন্য সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়নের সমাজসেবক রাফিজ উদ্দিন, গিরীশ নগর মাধ্যমিক বিদ্যালয় ও ৬২ নম্বর আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হামিদুল ইসলাম, সমাজসেবক খায়রুল ইসলাম, ইসাহাক আলী, বাবু, আব্দুর রাজ্জাক, ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদরাসার সভাপতি তৌহিদ ও মাহাবুব হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন মানবতার জন্য সংস্থার সাধারণ সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, সুলতান, মুনজুরুল, রনি, ঝন্টু, মশিউরসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হামিদুর রহমান বলেন, প্রতিটি শিশুর সুন্দরভাবে বেঁচে থাকা, শিক্ষা গ্রহণ এবং স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক আচরণের মধ্য দিয়েই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, শুধু বিশেষ দিবসে নয়, বছরের প্রতিটি দিনই অসহায় শিশুদের কল্যাণে সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করা প্রয়োজন।
সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন সরকার তাঁর বক্তব্যে সংগঠনের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, মানবতার জন্য সংস্থা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
দিনব্যাপী এ আয়োজনে ২ শতাধিক এতিম, অসহায় ও দুস্থ মাদরাসা শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পথশিশু দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
সমাজসেবক রাফিজ উদ্দিন বলেন, মানবতার জন্য সংস্থার এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মানবতার জন্য সংস্থা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।