স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর চারমাইল এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানায়, এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বেগনগর চারমাইল গ্রামের একটি পানের বরজের ভেতর থেকে রাসেল হাসান ওরফে চঞ্চল (৩৫), লিয়ন (১৯) ও রিয়াজ আলী (২৬)কে গ্রেপ্তার করা হয়। রাসেল হাসান ওরফে চঞ্চল বেগনগর চারমাইল গ্রামের মৃত মোছাদুল ইসলামের ছেলে, লিয়ন শংকরচন্দ্র গ্রামের মৃত খেদের আলীর ছেলে এবং রিয়াজ আলী একই গ্রামের সুজার আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তিনজনই মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং পুলিশের সামনে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা করে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তিন আসামির প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড



