দর্শনা অফিস
আখের উৎপাদন ও ফলন বাড়াতে মাঠপর্যায়ে চাষিদের সঙ্গে মতবিনিময় ও আখের জমি পরিদর্শন করেছেন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ছটাঙ্গা মাঠে কৃষক তৈয়ব আলীর আখের জমি পরিদর্শন করেন।
এ সময় তিনি আখের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং উন্নত ফলন নিশ্চিত করতে কৃষককে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে আখের ডিট্রাসিং কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পুরোনো, শুকনো ও রোগাক্রান্ত পাতা অপসারণের মাধ্যমে আখগাছের স্বাভাবিক বৃদ্ধি এবং জমির পরিচর্যা নিশ্চিত করার পরামর্শ দেন।
রাব্বিক হাসান বলেন, আখের সঠিক পরিচর্যা, সময়োপযোগী কৃষি ব্যবস্থাপনা ও নিয়মিত মাঠপর্যায়ের তদারকির মাধ্যমে উৎপাদন ও ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। উৎপাদন বাড়লে চাষিদের আয় বৃদ্ধি পাবে, মিলের জন্য পর্যাপ্ত আখের সরবরাহ নিশ্চিত হবে। একই সঙ্গে দেশের দেশীয় চিনিশিল্পও আরও শক্তিশালী হবে।
আখের জমি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, সাব-জোন প্রধান এম. এ. রতন, সিডিএ এস. এম. কবীরসহ অন্যান্য সিডিএ।
আখের ফলন বাড়াতে মাঠে কেরুর এমডি রাব্বিক হাসান উৎপাদন বাড়লে চাষি ও চিনিশিল্প উভয়ই লাভবান হবে



