কোটচাঁদপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান কারাগারে

ঝিনাইদহ অফিস
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন ঝিনাইদহের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত। গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক সুমন মিয়া। জাহাঙ্গীর আলম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার কাঠালিয়া গ্রামের শামসুল আলমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা আব্দুল আজিজের সঙ্গে জমি-সংক্রান্ত বিষয়ে জাহাঙ্গীর আলমের চেক লেনদেন হয়। পরে টাকা নিয়ে বিরোধের জেরে আব্দুল আজিজ ঝিনাইদহের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে মামলা করেন। মামলাটির নম্বর কোটঃ সিআর-এসসি ১০৪৬/২১। ওই মামলায় আদালত জাহাঙ্গীর আলমকে সাজা দেন। এরপর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে সাজাপ্রাপ্ত হওয়ায় জাহাঙ্গীর আলমের প্যানেল চেয়ারম্যান পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বি.এম. আব্দুল মান্নান তুহিন বলেন, এ বিষয়ে এখনো কোনো পরিপত্র তাঁদের হাতে আসেনি। পরিপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ ধরনের বিষয় সাধারণত প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে আইনে কী বিধান রয়েছে, তা খোঁজ নিয়ে জানানো হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।