গাংনীতে চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাবপাড়া থেকে বোমা সাদৃশ্য বস্তুসহ হত্যার হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, উপজেলার চরগোয়াল গ্রামের সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশের একটি দোকানের বেঞ্চের ওপর বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।
চিরকুটে লেখা ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম। আতাহার, হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিলে। আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোদের সরদার বংশ ৮ লক্ষ টাকা দেওয়ার কথা, কই দিলিনাতো বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, তোরও খবর আছে। সত্য কথার শত্রু অনেক।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, তদন্তপূর্বক দোষীদের সনাক্ত করার কাজ করছে পুলিশ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।