জীবননগরে মায়ের বিরুদ্ধে ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগে সোনিয়া পুলিশ হেফাজতে

জীবননগর অফিস
জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী কন্যাশিশুর মুখে বিষাক্ত কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল রবিবার সকালে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। আহত শিশুটির নাম আনিকা খাতুন।
প্রতিবেশীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় আলামিন (৩৫) ও তাঁর স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজন লাঠি দিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে সোনিয়া ঘুমিয়ে থাকা তাঁর ১১ মাস বয়সী কন্যা আনিকার মুখে ঘরে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেন বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির দাদি বিষয়টি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে আহত করা হয় বলে প্রতিবেশীরা জানান।
পরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, নিজের মায়ের বিরুদ্ধে সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোনিয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।