জীবননগরে জাসদ নেতা গোলাম মোর্শেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী পালিত

বাঁকা প্রতিনিধি
জীবননগরে বাংলাদেশ জাসদ নেতা ও জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত গোলাম মোর্শেদ পিন্টুর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসরের নামাজের পর দিনাজপুর কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।
আনোয়ারুল ইসলাম বাবু বলেন, গোলাম মোর্শেদ পিন্টু এলাকার কৃষকদের ভাগ্যোন্নয়নের জন্য স্বপ্ন দেখতেন। কৃষকের উৎপাদিত পণ্য ন্যূনতম মুনাফায় বিক্রির সুযোগ তৈরির স্বপ্ন ছিল তাঁর। মরণঘাতী ব্যাধির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন এবং সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁরা কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, জাসদ নেতা ডা. শরিফুল ইসলাম, হারুন অর রশিদ, জামাল উদ্দিন ও ইউপি সদস্য এনামুল হক টোটন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কাউসার আলী মাস্টার, হাকিমুজ্জামান হিরন, আতিয়ার রহমান তেলা, নিয়াজউদ্দিন, রাকিবুজ্জামান, গোলাম মুক্তাদির শাওন, মনিরুজ্জামান শান্তিসহ স্থানীয় গ্রামবাসী। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মোমিন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।