দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্টকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার ও জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। অভিযানের সময় আরও ৬-৭ জন জুয়াড়ি পালিয়ে যায়।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এসআই খুরশীদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় মন্টুর চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে অনলাইন জুয়ার এজেন্ট রকিবুল হোসেন (২৬) ও রিয়াদ সোহান (৩২) কে আটক করা হয়। আটক রকিবুল হোসেন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও জহির উদ্দিনের ছেলে। অপর আটক রিয়াদ সোহান চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় ৬-৭ জন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের কাছ থেকে পুরোনো সাদা রঙের এলএক্স মডেলের একটি প্রাইভেটকার ও জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়। আটক দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
দর্শনায় পুলিশের অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক, প্রাইভেটকার জব্দ



