দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আরাফাত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত পাখিভ্যান জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় নিয়মিত মাদক মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে শনিবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এসআই মশিউর রহমান ডুগডুগি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লোকনাথপুর-দর্শনা সড়কের পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে কয়েকজন ব্যক্তি গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আরাফাতকে আটক করা হয়। তিনি দামুড়হুদার জুড়ানপুর (ক্লাবপাড়া) এলাকার আনারুলের ছেলে।
পুলিশ জানায়, আরাফাতের ব্যবহৃত ব্যাটারিচালিত পাখিভ্যানের চালকের আসনের নিচে থাকা টুলবক্সে বিশেষ কায়দায় গাঁজা লুকানো ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে হলুদ রঙের একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের কস্টেপ ও সাদা পলিথিনে মোড়ানো সাতটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোর মোট ওজন ৭ কেজি ২০০ গ্রাম।
দামুড়হুদা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে এ ঘটনায় এজাহার দিলে ওসি শেখ মেসবাহ্ উদ্দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নিয়মিত মাদক মামলা রুজু করেন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।