জীবননগরে জামায়াতের দাওয়াতি গণসংযোগ, লিফলেট বিতরণ

জীবননগর অফিস
কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগরে গণসংযোগ ও প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রবিবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর আদর্শ, লক্ষ্য ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরে প্রচারপত্র বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মজলিসুল মুফাসসিরিনের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আমির ও জীবননগর পৌর মেয়র পদপ্রার্থী মো. সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, পৌর আমির মাওলানা মো. ফিরোজ হোসেন, পৌর সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল ও যুব বিভাগের সভাপতি মো. আরিফুল ইসলাম জোয়ার্দারসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা।
গণসংযোগকালে বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে এবং বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় মানুষের তৈরি আইন ব্যবহৃত হওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার কথা তুলে ধরেন।
তাদের দাবি, অতীতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিচারিক হত্যার শিকার হয়েছেন। জীবন দিলেও তারা আধিপত্যবাদের কাছে মাথানত করেননি বলে মন্তব্য করেন বক্তারা।
ভবিষ্যতেও বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না উল্লেখ করে বক্তারা দেশের জনগণকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।