জীবননগরে শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে শিক্ষকরা শিক্ষক-ছাত্রের প্রীতি ফুটবল ম্যাচে ৭-৫ গোলের রোমাঞ্চ

জীবননগর অফিস
শ্রেণিকক্ষে যাঁদের হাতে থাকে কলম, সেই শিক্ষকরাই এবার নেমেছিলেন ফুটবল মাঠে। প্রতিপক্ষ নিজেদেরই প্রিয় শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শিক্ষক ও ছাত্রদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। শিক্ষক-ছাত্রের প্রাণবন্ত লড়াইয়ে উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। একের পর এক গোলে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। শেষ পর্যন্ত ৭-৫ গোলে ছাত্রদের পরাজিত করে জয় তুলে নেয় শিক্ষক একাদশ।
খেলায় শিক্ষক দলের অধিনায়কত্ব করেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।অপরদিকে ছাত্রদের পক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে রোহান। এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মহিবুল হাসান, সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক নিজামুল হক, ক্রিয়া শিক্ষক জাহিদুল হক, নাসরিন আক্তারী,ফারজানা খাতুন,তরিকুল ইসলাম কবির আহমেদ জাহিদুল হাসান প্রমূখ।
খেলাটি শুধু জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বরং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার এক আনন্দঘন আয়োজন হয়ে ওঠে এই প্রীতি ফুটবল ম্যাচ। শিক্ষক-ছাত্রের এমন ব্যতিক্রমী প্রীতি ম্যাচ উপভোগ করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ স্থানীয়রাও মাঠে উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। খেলাধুলার মাধ্যমে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ তৈরি করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
খেলাটি ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক-ছাত্রের এই প্রীতি ম্যাচ জয়-পরাজয়ের বাইরে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।