আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচন উপলক্ষে প্রতীকসহ প্রার্থীদের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সমিতির ১৪৯ জন সদস্যের মধ্যে এবার ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মজিদ বাবলু ‘ছাতা’ প্রতীক ও খন্দকার গোলাম আজম (বিটু) ‘চাকা’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন—কামরুল হক রনি, হাবিবুর রহমান রুবেল ও সেলিম হোসেন। এ পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় নির্বাচন ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল খালেক ও মেহেদী হাসান। সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মবিষয়ক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিরাজুল ইসলাম। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। শেষ মুহূর্তে নিজেদের পক্ষে সমর্থন আদায়ে চলছে নানা তৎপরতা। অন্যদিকে ভোটারদের মধ্যেও যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে চলছে আলোচনা।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্বাচিত নতুন কার্যকরী পরিষদ আলমডাঙ্গার গার্মেন্টস ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও ব্যবসায়িক উন্নয়নেও সমিতি আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তাদের।
আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন আগামীকাল সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়



