হরিণাকুণ্ডুতে নিখোঁজের তিনদিন পর পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একটি পতিত পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভেড়াখালী গ্রামের মখলেছুর রহমান ঝন্টু মাস্টারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা মরদেহটি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে সাদুল্লা ওরফে দোলা (৪০) বলে শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়াখালী গ্রামের একটি পতিত পুকুরের পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা জানান, তিন দিন আগে সাদুল্লা বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। তাঁদের ভাষ্য, সাদুল্লা মাঝে মধ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন এবং কয়েক দিন পর আবার ফিরে আসতেন। তবে এবার আর ফেরেননি। তাঁর মৃগী রোগও ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বজনদের ধারণা, তিন দিন আগে বাতাবি লেবু পাড়তে গিয়ে তিনি ওই পুকুরে পড়ে যেতে পারেন। তবে ঠিক কখন তিনি পানিতে পড়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দৌলতপুর ইউনিয়নের ভেড়াখালী গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে সাদুল্লা ওরফে দোলা (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি পাশের রাধানগর গ্রামে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।