ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর ভুয়া পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার কুশনা ইউনিয়নের তালসার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল উপজেলার শালকোপা গ্রামের মহসীন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল দীর্ঘদিন ধরে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তালসার বাজারসহ আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তাঁর চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। মঙ্গলবার তালসার বাজারে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে তালসার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাকিবুলকে হেফাজতে নেন। পরে তাঁকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তবিবার রহমান জানান, স্থানীয় জনতা রাকিবুলকে আটক করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয় ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, ভুয়া পরিচয় ব্যবহার করে রাকিবুল আরও কোনো ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন কি না কিংবা তাঁর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কোটচাঁদপুরে ভুয়া এনএসআই পরিচয়ে প্রভাব বিস্তার, যুবক গ্রেপ্তার



