হরিণাকুণ্ডু প্রতিনিধি
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার দোয়েল চত্বর ঘুরে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হুসাইন, হরিণাকুণ্ডু সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং কে.বি. একাডেমির প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, হরিণাকুণ্ডু রিপোর্টার্স ইউনিটি শাখার সভাপতি মুখলেছুর রহমান লাড্ডু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বহুমুখী সংকট মোকাবিলায় সাক্ষরতার প্রসার এবং শিক্ষার মানোন্নয়নে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে শতভাগ সাক্ষরতা অর্জন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরিশেষে, একটি দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত



