হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের আয়োজন শেষ হয়েছে। গতকাল সোমবার প্রিরনাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুরা মৌনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, পৌরসভা বিএনপির সভাপতি জিন্না খান, হরিণাকুণ্ডু উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক (টিটু), উপজেলা যুবদলের আহ্বায়ক ও হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী দল ও একক খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
হরিণাকুণ্ডুতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ



