আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠে শুরু হয়েছে ‘ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সবুজ সাথী যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোমিন মালিতা বলেন, প্রত্যেকটি খেলার মাঠেরই রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সোনালি অতীত। বিগত সময়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় অনেক খেলার মাঠ মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। বর্তমানে সেসব মাঠে আবারও প্রাণ ফিরতে শুরু করেছে।
তিনি বলেন, রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠেরও নিজস্ব ঐতিহ্য রয়েছে। এ মাঠের খেলাধুলা দুই জেলার ক্রীড়াপ্রেমী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। খেলাধুলার প্রসারে বর্তমান সরকার, বিএনপি এবং দলের নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার খেলাধুলাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, তা দেশের ইতিহাসে নজিরবিহীন।
মোমিন মালিতা আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। বিশেষ অতিথি ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ সাথী যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রশীদ আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আনছার আলী জোয়ার্দ্দার, খাসকররা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হোসেন আলী জোয়ার্দ্দার মুন্নাসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু। উদ্বোধনী ম্যাচে দুই দল ২-২ গোলে ড্র করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলমগীর আলম, সেন্টু ও সরোয়ার।
খাসকররায় সবুজ সাথী যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



