আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ধর্মীয় আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা রথতলা শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সকালে শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আলমডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৭১ মোড়, আলতাবের মোড় ও চারতলা মোড় হয়ে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। তারা শ্রীকৃষ্ণ, রাধা-কৃষ্ণসহ বিভিন্ন ধর্মীয় ও পৌরাণিক চরিত্রের সাজে সেজে র্যালিতে অংশ নেয়। তাদের বর্ণিল উপস্থিতিতে শহরের সড়কগুলোতে সৃষ্টি হয় উৎসবের আবহ।
র্যালি শেষে শিশু-কিশোরদের ধর্মীয় সাজ ও উপস্থাপনা পরিদর্শন করে বাছাই করা হয়। পরে নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও বিশ্বমানবের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও মানবকল্যাণের আদর্শ নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ মানুষের মধ্যে সত্য, ন্যায়, মানবিকতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ও আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মীর আসাদুজ্জামান উজ্জল, পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিএনপির সাবেক পৌরসভা সেক্রেটারি জিল্লুর রহমান ওল্টু, বীর মুক্তিযোদ্ধা বাবু মনিন্দ্রনাথ দত্ত, মহেষ কুমার ভুতিকা, বাবু নিমাইচন্দ্র রায়, ডা. অমল কুমার বিশ্বাস, বিশ্বনাথ সাধুখা, বাবু জয় কুমার বিশ্বাস, বাবু বিদ্যুৎ কুমার সাহা, অসীম কুমার সাহা, বাবু আশ্বিনী কুমার প্রামাণিক, হারান চন্দ্র অধিকারী ও বিজয় কুমার সিডসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু পরিমল কুমার ঘোষ (কালু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু পলাশ কুমার আচার্য।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে শিশু-কিশোরদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে র্যালি এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা ও বিশেষ প্রার্থনায় আলমডাঙ্গায় জন্মাষ্টমী পালিত



