দামুড়হুদার হুদাপাড়ায় বাল্যবিয়ের অভিযোগে প্রশাসনের অভিযান মুচলেকায় রক্ষা পেল কিশোরী

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া দক্ষিণ পাড়ায় বাল্যবিবাহের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পরে মেয়ের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়। গতকাল শুক্রবার গ্রাম পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে হুদাপাড়া দক্ষিণ পাড়ার হক সাহেবের বাড়িতে বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
অভিযানকালে ঘটনাস্থলে বরপক্ষের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রশাসন জানতে পারে, বিয়ে সম্পন্ন হয়নি। প্রশাসনের অভিযানের খবর পেয়ে বরপক্ষ সেখান থেকে চলে যায়। এমনকি বাড়িতে বিয়ের দৃশ্যমান কোনো আয়োজনও পাওয়া যায়নি।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিশোরীর বাবা-মাকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে স্থানীয় ছয়জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বাবা-মা মুচলেকা দেন যে, মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাঁর বিয়ে দেবেন না। অঙ্গীকার ভঙ্গ করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মুচলেকায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, “বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। সরকার বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করেছি। পরিবারটি ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছে।”
বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।