আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া-হাসাদাহ সড়কে বিদ্যাধরপুর আমতলায় পুলিশ পরিচয়ে আব্দুল হান্নান ওরফে হেনা নামের এক সবজি ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ পরিচয় দিয়ে গতিরোধ করে তার শরীর তল্লাসীর নামে এ টাকা ছিনিয়ে নেয়া হয়। এ তথ্য তুলে ধরে আবু হেনা দাবী করেন হিলমেট পরিহিত এক যুবক ভয়ভীতি দেখিয়ে পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। আব্দুল হান্নান হেনা আন্দুলবাড়িয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামে জাবুরা লেবু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন। আন্দুলবাড়িয়া হাসাদাহ সড়কে বিদ্যাধরপুর আমতলায় পৌঁছালে হিলমেট পরিহিত কালো পালসার মোটর সাইকেলওয়ালা বলেন, আক্কেল একটু দাঁড়ান। আপনার সাথে দুটি কথা বলবো। আমার বাইসাইকেলের পিছনে নেটের বস্তা আছে, লেবু ভরি তাতে। আমি দাঁড়িয়ে পড়লে তিনি আমার শরীর তল্লাসী করতে থাকেন। আমাকে চেক করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা শাহাপুর ক্যাম্পের লোক। এ কথা বলে আমার মাজাটাজা চেক করে কোন কিছু না পেয়ে বলেন, পকেট যে খুব ভার ভার লাগছে। তখন আমি প্রতি উত্তরে বলি পকেটে সিগারেট ও কিছু টাকা আছে। কৈ কৈ দেখি কত টাকা আছে। টাকা না দেয়ায় তিনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ২ হাজার ৭৪০ টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়েন। ধাঁক্কা খেয়ে পড়ে গিয়ে আমার পা কেটে যায়। টাকা হারিয়ে আমার আর লেবু কেনা হলো না।
এ তথ্য তুলে ধরে সবজি ব্যবসায়ী আব্দুল হান্নান হেনা বলেন নিরুপায় হয়ে আমি বাড়ি ফিরে আসি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। এ ব্যাপারে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই একরামুল হক বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নাই। আপনার মাধমে ঘটনাটি জানলাম। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ পরিচয় দিয়ে বিদ্যাধরপুর ও হাসাদাহ সড়কে দিনে দুপুরে ছিনতাই



