স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ লাখ টাকার অবৈধ মালামাল আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নেশা জাতীয় সিরাপ, মদ, হেরোইন, ঔষধ, কসমেটিকস ও কম্বল।
চুয়াডাঙ্গা -৬ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ রাজ মামুদ জানান, ২৯ আগষ্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে দর্শনা, বাজিতপুর, মুন্সিপুর এবং আইসিপির বিজিবি টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ বোতল মদ, ৩০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১০ হাজার ৮০০ পিস ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৩৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ২৫ পিস চকলেট, ১ পিস কম্বল এবং ১টি মোটরসাইকেল। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
চুয়াডাঙ্গায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ৬৭ লাখ টাকার অবৈধ মালামাল আটক



