আলমডাঙ্গা অফিস
অবৈধ কসমেটিকস বিক্রিসহ নানা অভিযোগে জেলার আলমডাঙ্গা উপজেলায় ৩ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, আজ রবিবার আলমডাঙ্গা শহরে অভিযান চালানো হয়। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে খাদ্য পণ্য, কসমেটিক্স ও বীজ প্রভৃতি তদারকি করা হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুসারে অবৈধ কসমেটিকস বিক্রি করায় নাহিদা খাতুনের নাহিদা কসমেটিকস কর্ণারকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মতিয়ার রহমানের রুবেল ফল ভান্ডারকে ৩ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করায় মাসুদ রানার ইসহাক বীজ ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩ দোকানীর কাছ থেকে ১৩ হাজার জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সীর বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা ও পুলিশের একটা টীম।
অবৈধ কসমেটিকস ও মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রির অভিযোগে আলমডাঙ্গায় ৩ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা



