দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দলকা-লক্ষ্মীপুর বিলে ব্যাপক হারে মাছ মরে ভেসে উঠছে। গত ৩-৪ দিন ধরে বিলের পানিতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখা যাচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যজীবী ও মাছ চাষিরা। মরা মাছ পচে দুর্গন্ধ ছড়ানোয় বিলপাড়ের মানুষেরও দুর্ভোগ বেড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে পানির ওপর ভেসে আছে অসংখ্য ছোট বড় মরা মাছ। এর মধ্যে পুঁটি, টেংরা, শিং, টাকি, খলিশাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির ছোট মাছ রয়েছে। পাশাপাশি এক থেকে দুই কেজি ওজনের সিলভার কার্প, ব্রিগেড কার্প, রুই ও কাতলাসহ চাষের মাছও মরে ভেসে থাকতে দেখা গেছে। এ সময় বিলের পানির রং কিছুটা কালচে দেখা যায়।
স্থানীয় মৎস্যজীবী আব্দুল মজিদ বলেন, প্রতিদিন সকালে বিলের ধারে এসে দেখি মাছ মরে ভেসে আছে। এই বিল থেকেই আমাদের সংসার চলে। এখন মাছ মরে গেলে আমাদের পথে বসার উপক্রম হবে।
মৎস্য চাষি ও নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা বলেন, বিলে আমাদের লাখ লাখ টাকার মাছ ছিল। গত দুই-চার দিন ধরে বিলের প্রায় সব জায়গায় মাছ মরে ভেসে উঠছে। কেউ বিষ দিয়েছে কি না, নাকি পাট জাগ দেওয়ার কারণে মাছ মারা যাচ্ছে বুঝেু উঠতে পারছি না। আমাদের এই প্রজেক্টে গত দুই-চার দিনে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত গরমে বিলের পানি উত্তপ্ত হয়ে অক্সিজেনের সংকট তৈরি হওয়া, পানি কমে যাওয়া এবং আশপাশে পাট জাগ দেওয়ার কারণে পানিতে পচন ও দূষণ সৃষ্টি হয়ে মাছ মারা যেতে পারে। এছাড়া আশপাশের কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক, বৃষ্টির বা জমির পানি বিলে নেমে আসার কারণেও মাছ মারা যেতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।
দামুড়হুদা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার বলেন, আশপাশের জমিতে কীটনাশক ব্যবহার পাটপচা ও দুষিত পানি বিলে নামা এবং অতিরিক্ত গরমের কারণে মাছের বিভিন্ন রোগ দেখা দিয়েছে যেমন ক্ষত ও কানকো পচা রোগ, এসব রোগের কারণে মাছ মারা যেতে পারে। প্রতিরোধের জন্য পর্যাপ্ত লবণ ও চুন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে একসঙ্গে বিপুলসংখ্যক মাছ মারা যাওয়ায় বিলের জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল। তারা মাছের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও চাষিদের তালিকা তৈরি করে সহায়তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দলকা-লক্ষ্মীপুর বিলে ব্যাপক হারে মরছে মাছ, দিশেহারা মৎস্যচাষিরা



