স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে আসাদুল ওরফে সাহাবুদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পুলিশ প্রধান সড়কে পড়ে থাকা সাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর ৪টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যুতের খুঁটির পাশে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত আসাদুল ওরফে সাহাবুদ্দিন চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকায় হারুন কাস্টমারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাবার নাম মৃত আবদুল ওহাব আলী এবং মায়ের নাম জালেহা বেগম।
পরিবারের সদস্যরা জানায়, আসাদুল গত ১০ বছর ধরে অসুস্থ ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তার মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে নিহতের মা ও ভাই উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার



