দামুড়হুদায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে সজীব একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ইমাম ফল ভান্ডার

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে সজীব ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইমাম ফল ভান্ডার ফুটবল একাদশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে।
‘মাদক ছাড়ো, খেলাকে আঁকড়ে ধরো—সুস্থ সুন্দর সমাজ গড়ো’ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচে ইমাম ফল ভান্ডার ফুটবল একাদশের মুখোমুখি হয় সজীব ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত ইমাম ফল ভান্ডার ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। দলের হয়ে একমাত্র গোলটি করেন ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় তরিকুল ইসলাম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সুজন। তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি উপজেলা যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য একরামুল হক বলেন, আমাদের মূল লক্ষ্য তরুণদের মাঠমুখী করা। মাদকের বিরুদ্ধে এটি আমাদের সামাজিক আন্দোলন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির ও উপজেলা যুবদল নেতা মাফিজুর রহমান জনি। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ফাইনাল খেলায় ইমাম ফল ভান্ডার ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী তরিকুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তুহিন এবং সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন সজীব ফুটবল একাদশের হৃদয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শহীদ আজম সদু, নুরুল ও নাহিদ। ধারাভাষ্যে ছিলেন হাফিজুর রহমান। সেরা দর্শকের খেতাব অর্জন করেন সাবুর আলী ও বাবু।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।