স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রেল বাজারে রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ও ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় রেলবাজার রেলগেট সংলগ্ন ফুড গোডাউনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
তিনি বলেন, যখন সরকারের কাজের জন্য জমি প্রয়োজন হয় তখন এভাবে অধিগ্রহণ করা হয় তারই ক্ষতি পূরণ হিসেবে এই চেক বিতরণ। অনেকক্ষেত্রে, একটি জমি থেকে যতটুকু আয় হয়, অধিগ্রহণের ফলে ততটুকু আয় হয় না অথবা হয়তো এই একটি দোকানই ছিল একজনের আয়ের একমাত্র ক্ষেত্র। তাই তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে, কোনো প্রকার হয়রানি ছাড়া সঠিকভাবে আমরা যেন এই ক্ষতিগ্রস্থ মানুষদেরকে সাহায্য করতে পারি।
তিনি আরও বলেন, আমি সর্বদা চেয়েছি এবং সবাইকে নির্দশনা দিয়েছি যেন এই চেক বিতরণের ক্ষেত্রে শতভাগ সচ্ছতা নিশ্চিত থাকে। কোনো প্রকার কোনো আর্থিক লেনদেন বা হয়রানি করা না হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যতদ্রুত সম্ভব আপনাদের হাতে আপনাদের চেক বিতরণ করে দেওয়ার জন্য। আপনারা সব সময়ই আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আমরা খুব দ্রুততার সাথে কাজটি করতে পারিনি কিন্তু আপনারা যথেষ্ঠ ধৈর্য্যের পরিচয় দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। সব সময় সকল ভালো কাজের সাথে আপনারা থাকেন।
এছাড়া তিনি আরও বলেন, আমি আসতে আসতে দেখলাম ওভারপাস নির্মাণের কাজ খুবই ধীরগতিতে এগোচ্ছে। আমি এই ওভার পাস নির্মাণের যে ঠিকাদার তাকে দেখতে চাই। আমি চাই তাকে সামনে নিয়ে আসা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে ওভারপাস নির্মাণ সম্পন্ন হোক।
এসময় ১.৪২ শতাংশ ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মোট ১০ জন ভূমি মালিকদের মাঝে মোট ৮৭ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক গ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়ার রেহেনা খাতুন, জোয়ার্দ্দার পাড়ার সানিউল নেওয়াজ ও রোজী বেগম, দামুড়হুদা উপজেলার জয়রামপুর ইউনিয়নের আমরিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝিনাইদহ বাস স্টান্ড পাড়ার ফারুক হাসান, ময়মনসিংহ জেলার গোহাইলকান্দি উপজেলার গোলাপজান রোডের সামিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তাসলিমা বেগম, ঢাকা সাভারের ধলপুর-সিকদারবাগের আকলিমা খাতুন, রাজশাহীর হড়গ্রাম বাজারের সেলিমা খাতুন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়ার গোলাম জাকারিয়া জোয়ার্দার।
এর আগে গত ২৩ জুলাই আরো ৯ জন ক্ষতিগ্রস্তদের ভূমি মালিকদের মাঝে ২ কোটি ৫৩ লক্ষ ৩৪ হাজার ১৮৯ টাকার চেক বিতরণ করা হয়েছিলো। রেলবাজারের ভূমি অধিগ্রহণে ভূমি মালিক, ভাড়াটিয়া ও ক্ষতিগ্রস্ত মোট ১৯ জনের মাঝে ইতোমধ্যেই চেক বিতরণ সম্পন্ন হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চুয়াডাঙ্গা রেলবাজারে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১০ মালিকের হাতে ৮৭ লাখ ৯০ হাজার টাকা চেক প্রদান



