হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে থানা কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এসময় ওসি জুলফিকার আলী বলেন, হরিণাকুণ্ডুকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে হরিণাকুণ্ডুকে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের পেশাদার ও বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হরিণাকুণ্ডু থানায় যোগদানের পর গত ১৬ দিনে ৩৭ আসামি গ্রেপ্তার করেছে। পুলিশের এই সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন ওসি। এছাড়াও থানায় মোট ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে চারটি মাদক মামলা। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ৫০৮ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এছাড়া আদালতের পরোয়ানা তামিল করে সাতজন জিআর এবং ছয়জন সিআরভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তিন মাসের সাজাপ্রাপ্ত একজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।
মাদক ও নিয়মিত মামলার বাইরে বিভিন্ন অপরাধে পাঁচজনের বিরুদ্ধে ‘সামারি ট্রায়াল’ (সংক্ষিপ্ত বিচার) সম্পন্ন হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। সব মিলিয়ে গত ১৬ দিনে বিভিন্ন অপরাধে মোট ৩৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান ওসি।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন সমস্যা, কিশোর অপরাধ, চাঁদাবাজি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকরা আলোচনা করেন। নতুন ওসির নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রিপোর্টার ইউনিট হরিণাকুণ্ডু উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান লাড্ডু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মামুনুর রহমান (টগর), রিপোর্টার ইউনিট হরিণাকুণ্ডু উপজেলা শাখার সদস্য রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ওসির কঠোর অবস্থানের ঘোষণা হরিণাকুণ্ডুতে ১৬ দিনে পুলিশের অভিযানে ৩৭ আসামি গ্রেপ্তার



