স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্ক এলাকায় একটি খেলার মাঠ স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী। পরে বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক লুৎফর নাহারের কাছে লিখিত স্মারক লিপি পেশ করা হয়।
বিক্ষোভকারীরা স্মারকলিপি প্রদান করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষারত অবস্থায় ছিলেন। তবে অনেক বিক্ষোভকারীর বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে হওয়ায় জেলা প্রশাসক সকলকেই তার কার্যালয়ে ডাকেন। এ সকল শিশু-কিশোররা তাদের পরিবারের অনুমতি ব্যতীত বিক্ষোভে অবস্থান নেওয়ায় তাদের সকলের নাম এবং অভিভাবকের নাম লিপিবদ্ধ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন। অদ্ধতপূর্ণ আচরণ করতে থাকেন। একপর্যায়ে জেলা প্রশাসক তাদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। ইকোপার্কের অভ্যন্তরে কোন প্রকার খেলার মাঠ হবে না বলে জেলা প্রশাসক সাফ জানিয়ে দেন। সেই সাথে পার্কের অভ্যন্তরে খেলার উদ্দেশ্যে কাউকে প্রবেশ না করতে নির্দেশ প্রদান করেন। পরে জেলা প্রশাসকের নিকট তারা একটি স্মারকলিপি পেশ করেন।
সেখান থেকে বের আন্দোলনকারীরা জেলা পরিষদে যান। জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ তাদেও দাবি মনোযোগ দিয়ে শোনেন। তিনি ডিসির সঙ্গে কথা বলে একটি খেলার মাঠ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, ভারতের নদীয়া এস্টেটের জমিদার শ্রী নরেন্দ্র পাল চৌধুরী ১৮৯৫ সালে শিবনগর মৌজার বৃহৎ একটি এলাকা জুড়ে প্রায় ৪০০ শত বিঘা জমিতে আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফলদ গাছের সমন্বয়ে একটি বড় বাগান গড়ে তোলেন। প্রায় ১১৯ বছর আগে গড়ে ওঠা ওই এলাকা পরবর্তীতে হর্টিকালচার ফার্ম হিসেবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে শিবনগর এলাকার মানুষ সেখানে বিভিন্ন খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তবে ২০১৪ সালে তৎকালীন সরকার ওই এলাকাটি ‘ডিসি ইকো পার্ক’ ঘোষণা করে। এরপর পার্কটিকে সংরক্ষিত এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং সেখানে খেলাধুলার আয়োজনও বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় শিশু-কিশোর ও যুবসমাজ একটি নিয়মিত খেলার মাঠের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধন ও স্মারক লিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমান, ইউপি সদস্য সাজিবর রহমান, ব্যবসায়ী শফিকুল ইসলাম, মোহাম্মদ কাবা, মোহাম্মদ শফিক, অবসরপ্রাপ্ত শিক্ষক ইসমাইল হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।
দামুড়হুদা ডিসি ইকো পার্কে খেলার মাঠ স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি পেশ ইকোপার্কের অভ্যন্তরে কোন প্রকার খেলার মাঠ হবে না- জেলা প্রশাসক



