অনলাইন বিজ্ঞাপনের লোভনীয় ফাঁদে পড়ে লাখ টাকা খুইয়েছেন দামুড়হুদার এক যুবক, থানায় অভিযোগ

দর্শনা অফিস
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জ্বিনের চালান’ ও অলৌকিক চিকিৎসার প্রলোভন দেখিয়ে দামুড়হুদার এক যুবকের কাছ থেকে ১ লাখ ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ভণ্ড কবিরাজের বিরুদ্ধে। প্রতারণার শিকার ওই যুবকের নাম ইকতারুল ইসলাম। সে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের খাদেম হোসেনের ছেলে।
ভুক্তভোগী ইকতারুল জানান, নিজেকে টাঙ্গাইল জেলার অধিবাসী ও মাদ্রাসাপড়ুয়া দাবি করা ‘মইনুল ইসলাম’ নামের এক ব্যক্তি ফেসবুকে পেজ খুলে অলৌকিক সমাধানের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আসছিল। বিজ্ঞাপনে গোপন রোগের চিকিৎসা, দাম্পত্য কলহ নিরসন, বিয়ে বা প্রেমে সফলতা, শত্রু দমনসহ বিভিন্ন সমস্যার ২৪ ঘণ্টার মধ্যে শতভাগ স্থায়ী সমাধানের নিশ্চয়তা দেওয়া হয়। এমন বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ইকতারুল ইসলাম ওই আইডিতে দেওয়া মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। অভিযুক্ত মইনুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে কাজ করে দেওয়ার কথা বলে ভুয়া তাবিজ-কবচ ও চালানের নামে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সাত দফায় মোট ১ লাখ ৮ হাজার টাকা নেয়। পরবর্তীতে কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে প্রতারক মইনুল তাকে সব নম্বর থেকে ব্লক করে দেয়। অন্য নম্বর থেকে যোগাযোগ করা হলে ভুক্তভোগীর ছবি ও নাম-ঠিকানা ফেসবুকে ছড়িয়ে মানহানির হুমকি ও অশ্লীল ভাষায় গালাগাল করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে কবিরাজ, তান্ত্রিক, সাধক বা গুরুজী নামে শত শত ভুয়া আইডি ও পেজ সক্রিয় রয়েছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে প্রতারক চক্রটি ভুয়া নাম-ঠিকানা ব্যবহারের পাশাপাশি নিজেদের পেজে ইতিবাচক মন্তব্য ও বানানো ভিডিও পোস্ট করে থাকে। এদের প্রলোভনে পড়ে অগণিত মানুষ সর্বস্ব হারাচ্ছে। অনলাইনের এসব প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসনিক নজরদারি না থাকায় প্রতারক চক্র মাথাচারা দিয়ে উঠেছে।
এদিকে ইকতারুল ইসলাম দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে অভিযুক্ত মইনুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, “ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।