চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও নতুন ক্লাবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা, ক্লাব উদ্বোধন ও  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় অনন্য কৃতিত্ব প্রদর্শন করে বিদ্যালয়টি চুয়াডাঙ্গা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
জানা গেছে, চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মোট ২৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ২১৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯২ শতাংশ। মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে ৮৮ জন শিক্ষার্থী। এছাড়া প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে ৩৫ জন ও সাধারণে ৪৬ জন এবং জুনিয়র বৃত্তিতে ট্যালেন্টপুলে ১৫ জন ও সাধারণে ৩১ জনসহ মোট ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল করেছে।
এদিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক মতবিনিময় সভায় অভিভাবকবৃন্দ ছাত্রীদের পড়াশোনার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। অভিভাবক প্রতিনিধি মো: রিপন আলী, মোছা: সরমি খাতুন ও ডাক্তার কানিজ নাঈম তাঁদের বক্তব্যে প্রতিটি ক্লাস নিয়মিত ও সঠিকভাবে নেওয়ার ওপর জোর দেন। একই সাথে বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য বছরের শুরু থেকেই নিয়মিত ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) ক্লাস চালু রাখার জোরালো দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো: আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো: মহসীন আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো: মোতাসিম বিল্লাহ, বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মো: হাসানুজ্জামান এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মুহা: শাহজাহান আলী।
শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় দীক্ষিত করতে এদিন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনটি নতুন ক্লাবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো: আনিসুর রহমান। ক্লাবগুলো হলো ‘ডিবেটিং ক্লাব’,  ‘বিজ্ঞান ক্লাব’। ক্লাবগুলোর মাধ্যমে ছাত্রীদের মেধা ও মননের বিকাশ ঘটবে এবং তারা চুয়াডাঙ্গার মুখ আরও উজ্জ্বল করবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।