পৌর প্রশাসক প্রত্যাহার, ফুটপাতে তারকাঁটা বন্ধ ও পুনর্বাসনের দাবিতে চুয়াডাঙ্গায় সড়ক অবরোধ কোর উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসককে প্রত্যাহার, ফুটপাতে তারকাঁটা দেওয়া বন্ধ এবং উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে উচ্ছেদকৃত ব্যবসায়ীরা। এ সময় প্রায় ৩০ মিনিটের মতো সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং যান চলাচল স্বাভাবিক করতে মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে  উত্তেজনা দেখা দেয়। এর আগে শহীদ হাসান চত্বর মুক্তমঞ্চে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আলমগীর হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, শহরের ফুটপাত ও সড়কের পাশে ব্যবসা করে জীবিকা নির্বাহকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের আগে তাদের বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলেও দাবি করেন বক্তারা।
সমাবেশ শেষে উচ্ছেদকৃত ক্ষুব্ধ ব্যবসায়ীরা চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড় বাজার ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। তারা সড়ক অবরোধ করে  নানান রকমের স্লোগান দিয়ে মিছিল করতে থাকে। শহরে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত হয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় তারা বিক্ষোভকারীদেরকে সড়কের পাশে সরে যেতে বলেন এবং তাদের হাতে থাকা ব্যানার ছিনিয়ে নেন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান। তিনি বলেন, আপনারা যারা বিক্ষোভকারীরা আছেন আপনারা সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলে তো সড়কে যানজট সৃষ্টি হয় না। আপনাদের যত দাবি দাওয়া আছে আপনারা সংশ্লিষ্ট দপ্তরে যান। সড়কে দাঁড়িয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না। সড়কে আইনশৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে পুলিশ তাদের কর্তব্য পালন করেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।