স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর স্টেশনের অদুরে রেললাইনে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনি খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মৃত ইউনুসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৯টার দিকে মিনি খাতুনকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার আগে মিনি খাতুন দুই শিশুর কাছে ট্রেন কখন আসবে জানতে চেয়েছিলেন। এ ঘটনার পর তিনি ইচ্ছাকৃতভাবে রেললাইনে গিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ জানান, নিহতের বড় ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোমিনপুর রেলস্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু



