দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোল্যা আরিফুল ইসলাম বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর শহরের আজমপুর মাঠপাড়া সংলগ্ন নাসিরের কলাবাগানে অভিযান পরিচালনা করেন। সেখানে মাদক সেবনরত অবস্থায় আজমপুর মহল্লার আরফান মিয়ার ছেলে নাসির হোসেন (৪৫) এবং একই গ্রামের আলী হোসেনের ছেলে আব্দুল ওদুদ (৫০) কে গ্রেফতার করা হয়। ১৪ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে খাড়াগোদা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫)কে নিজ বাড়ির সামনে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।
একই দিন সকাল ৯টা ৪৫ মিনিটে দর্শনা থানাধীন মোবারকপাড়া গ্রামে রেশমার মুদি দোকানের সামনে স্থানীয় জনতা জয়নগর গ্রামের আজিবর হোসেনের ছেলে সোনা মিয়া (৩৫) কে মাদকসহ আটক করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। দেহ তল্লাশিতে তার পরিহিত গেঞ্জির বুক পকেট থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নাসির হোসেন, আব্দুল ওদুদ ও মাসুদ রানাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হলে সকলের রিপোর্ট পজিটিভ আসে।
পরবর্তীতে আসামিদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে আদালত সোনা মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড, নাসির হোসেন, আব্দুল ওদুদ ও মাসুদ রানা প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
দর্শনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, তিন মাদকসেবীর কারাদণ্ড



