চুয়াডাঙ্গা পোস্ট অফিস পাড়ার শিক্ষিকা সাজেদা খাতুনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: 

চুয়াডাঙ্গা পোস্ট অফিস পাড়ার এক আলোকিত মানুষ শিক্ষিকা সাজেদা খাতুন ইন্তেকাল করেছেন৷( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৮ বছর। 

মরহুম সাজেদা খাতুন ছিলেন একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর। দীর্ঘ ২৯ বছর ধরে চুয়াডাঙ্গার উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পরম স্নেহে শিক্ষার আলো বিলিয়েছেন। অবশ্য চাকুরী জীবনের প্রথম এক বছর শিক্ষকতা করেছিলেন জীবননগর উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০১১ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত তাঁর পুরো জীবনটাই কেটেছে খাতা-কলম আর ব্ল্যাকবোর্ডের মাঝে। এ শিক্ষকতার মহান পেশার ওপর দাঁড়িয়েই বুক দিয়ে আগলে রেখে সন্তান স্নেহে  মানুষ করেছিলেন শত শত শিক্ষার্থীদের।  সেই সাথে নিজের মেয়েটিকেও বানিয়েছিলেন একজন আদর্শ শিক্ষিকা। 

গত তিন বছর ধরে নানা শারীরিক জটিলতায় তীব্র কষ্ট পাচ্ছিলেন এই মহিয়সী নারী। অবশেষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার একটি বেসরকারি  ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

এই গুণী শিক্ষিকার মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজন, বহু প্রাক্তন ছাত্র-ছাত্রী ও পাড়া-প্রতিবেশীরা  একটুখানি দেখতে চুয়াডাঙ্গার পোস্ট পাড়ার বাড়িতে ভিড় করে। আজ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা  জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে জানাজার নামাজ শেষে মরহুমার  দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মরহুমার  সন্তান জাহাঙ্গীর ইসলাম রিপন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।