মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় ফ্যামিলি কার্ডের জরিপ কর্মসূচির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে নিয়োগ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামের নেতৃত্বে সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ফ্যামিলি কার্ড জরিপ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে প্রকাশিত তালিকায় দলীয় বিবেচনা করা হয়েছে। এতে প্রকৃত যোগ্য ও সুবিধাবঞ্চিত ব্যক্তিরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করা হয়। তাই বিতর্কিত তালিকা বাতিল করে নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পুনরায় যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর আহসানুল হক, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারি রওশন মাহমুদ, আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অভিযুক্তর কাছে অভিযোগের স্মারকলিপি প্রদানের বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি নিয়োগ বোর্ডের সভাপতি, কিন্তু আমরা অভিযোগ করেছি উপজেলা নির্বাহী অফিসারের নিকটে।
অভিযোগের বিষয়ে নিয়োগ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, শতভাগ নিয়মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্দিষ্ট করে যদি কারো বিষয়ে অভিযোগ থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ডের জরিপ কর্মী নিয়োগে দলীয়করণের অভিযোগ জামায়াতের



