মেহেরপুর অফিস
মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর, কোন পুলিশও যদি মাদকের সাথে জড়িত থাকে তবে তাকে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারির সাথে পুলিশের কোন সম্পর্ক রাখা যাবে না। নারীর প্রতি কোন ধরণের সহিংসতা মেনে নেওয়া হবে না, কোন ধর্ষনের ঘটনা ঘটলে ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করতে হবে। এবং মেহেরপুর জেলা থেকে অনলাইন জুয়ার কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধ করতে পারলে দেশের অন্য জেলা থেকেও জুয়া বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার সকাল দশটার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় নানা সামাজিক কাজে পুলিশের সম্পৃক্ততার কথা উল্লেখ করে কমিউনিটি পুলিশিং এর কাজ আরো জোরদার করার পরিকল্পনার কথা জানান রেঞ্জ ডিআইজি। পাশাপাশি যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করার আশ্বাস তেন তিনি। জেলার অপরাধ নির্মূলে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশনের এবং জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মোস্তাফিজুর রহমান।
মত বিনিময় সভায় সাংবাদিকবৃন্দরা জেলার বিভিন্ন অসংগতি ও অপরাধ নির্মাণের করণীয় সম্পর্কে মতামত পরামর্শ প্রদান করেন। এ সময় মাদকের পাশাপাশি, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ, কিশোর গ্যাং, বিভিন্ন ধরনের চোর চক্র, সড়কে যানবাহনের নিরাপত্তাসহ নানা বিষয় উঠে আসে। উক্ত বিষয়গুলো সমাধানের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ ।
মত বিনিময় সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাংবাদিক ওয়াজেদুল হক, মাজেদুল হক মানিক, আবু সাঈদ, উম্মে ফাতেমা রোজিনাসহ বেশ কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন। সভায় পুলিশ বিভাগের কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেরপুরে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হলে অনেক জেলায় নিয়ন্ত্রণ হবে



