স্টাফ রিপোর্টার
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের অধীন চুয়াডাঙ্গা জেলায় পাসের হারে ৬৮ দশমিক ৭০ শতাংশ। এ বোর্ডে ১০ টি জেলার মধ্যে চুয়াডাঙ্গার অবস্থান তৃতীয়। গত বছর বোর্ডে ষষ্ঠ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা এবার তিন ধাপ এগিয়েছে। যশোর শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ।
এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে চুয়াডাঙ্গা জেলার ১৯টি কেন্দ্রে ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৫৯৪ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩০৩ জন ছাত্র এবং ৪ হাজার ২৯১ জন ছাত্রী। তাদের মধ্যে মোট ৫ হাজার ৯০৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭০৬ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের সংখ্যা ও সাফল্যের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। জেলায় মোট কৃতকার্য ৫ হাজার ৯০৪ জনের মধ্যে ৩ হাজার ১৭৭ জন ছাত্রী এবং ২ হাজার ৭২৭ জন ছাত্র।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চুয়াডাঙ্গা জেলা থেকে ১ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৬২ জন। মাদ্রাসা বোর্ডে জেলার পাসের হার ৫০ দশমিক ৮১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন শিক্ষার্থী।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলা থেকে মোট ১ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮৮০ জন কৃতকার্য হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে জেলার পাসের হার ৫২ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।
জেলার সনামধন্য চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২০৫ জন। অকৃতকার্য হয়েছে ৩৫ জন। এ বিদ্যালয়ে মোট পাশের হার ৮৫.৪১ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৪ জন শিক্ষার্থী।
অপরদিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২১৯ জন, ফেল করেছে ১৯ জন পরীক্ষার্থী। এ বিদ্যালয়ের মোট পাশের হার ৯২.০১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন পরীক্ষার্থী।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান বলেন, চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের ফলাফল আগের বছরের তুলনায় উন্নতি হয়েছে। বিশেষ করে যশোর শিক্ষা বোর্ডের অধিনে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীরা তৃতীয় অবস্থান অর্জন করেছে। এটা শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর বোর্ডে চুয়াডাঙ্গার অবস্থান তৃতীয় পাসের হার ৬৮.৭০ ভাগ, জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৭৫৯ জন শিক্ষার্থী



