জীবননগর অফিস
জীবননগর উপজেলাধীন উথলী ইউনিয়নের সন্তোষপুর এলাকায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সন্তোষপুর বাসস্ট্যান্ড থেকে একতারপুর গ্রামের রাস্তার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে যতটুকু বনভূমি থাকা প্রয়োজন, বর্তমানে তা নেই। ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সারাদেশে চলমান বৃক্ষরোপণ অভিযানের সঙ্গে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, তা সত্যিই অনুকরণীয়। আমি সংগঠনের এ কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করি। আজকের এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একই সঙ্গে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু বলেন, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ দীর্ঘদিন ধরে পরিবেশ, প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প আর কিছু হতে পারে না। আজকের কর্মসূচি বাস্তবায়নে সন্তোষপুর নবজাগরণ যুব সংঘের নাইস মিয়ার আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সদস্য মসিউর, শাকিল, বায়জিদ, নীরব, ফারদিন, আলমাছ, সাব্বির রহমানসহ স্থানীয় গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা পরিবেশ রক্ষায় সংগঠনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার আহ্বান জানান।
জীবননগরের সন্তোষপুরে রাস্তার পাশে বৃক্ষরোপণ করলো পরিবেশবাদী সংগঠন



