স্টাফ রিপোর্টার
দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে ৩ মাস মেয়াদি আবাসিক ৪টি ট্রেড কোসের ৪র্থ ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার দর্শনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কোর্সগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান।
প্রকল্পের জব প্লেসমেন্ট অফিসার শফিক আলম-এর সঞ্চালনায় এবং প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক জহির রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাওনাইন টিলু, ওয়েভ ফাউন্ডেশনের সাধারণ পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এবং চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক জনাব সেলিমুল হাবীব।
স্বাগত বক্তব্যে প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম। উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান বলেন, এ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সময়োপযোগী ও আশীর্বাদস্বরূপ। তিনি বলেন, সরকারের পাশাপাশি বেকারত্ব নিরসনে দেশের যুবসমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানে যুক্ত হওয়ার আহ্বান জানান। দেশের উন্নয়নে অবদান রাখার জন্য নিজেকে প্রস্তুত করার পরামর্শ দেন। বিশেষভাবে ৪টি ট্রেডের ১০০ জন প্রশিক্ষণার্থীকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থেকে প্রশিক্ষণে পূর্ণ মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
এ ব্যাচে মোবাইল ফোন সার্ভিসিং, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন গার্মেন্টস এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স এই চারটি ট্রেডে মোট ১০০ জন বেকার নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। সম্পূর্ণ আবাসিক এ প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতার ভিত্তিতে স্ব-কর্মসংস্থান ও বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে ৩ মাস মেয়াদি আবাসিক ট্রেড কোর্সের উদ্বোধন



