দামুড়হুদার সুবুলপুর ভৈরব ও মাথাভাঙ্গা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার, হুমকিতে নদীর জীববৈচিত্র্য

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার সুবুলপুর সুইচ গেট সংলগ্ন ভৈরব নদী ও মাথাভাঙা নদীর মিলনস্থলে প্রকাশ্যেই চলছে নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল দিয়ে মাছ শিকার। সরকারিভাবে এই জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও স্থানীয় একশ্রেণির অসাধু মৎস্য শিকারী আইন অমান্য করে নির্বিচারে দেশীয় প্রজাতির ছোট ও বড় মাছ এবং রেণু পোনা ধ্বংস করছে। এতে করে নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ চরম হুমকির মুখে পড়েছে। এই অবৈধ তৎপরতা বন্ধে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের জরুরি ও জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, সুবুলপুরের সুইচ গেট এলাকাটি ভৈরব ও মাথাভাঙা নদীর মোহনা হওয়ায় এখানে প্রচুর দেশীয় মাছের সমাগম ঘটে। আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে একদল লোভী মৎস্য শিকারী। তারা নদীর এই মিলনস্থলে পেতে রেখেছে সূক্ষ্ম ছিদ্রযুক্ত নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল। এই জালের গঠন এমন যে এর ভেতর একবার যেকোনো সাইজের মাছ, পোনা, এমনকি জলজ কীট-পতঙ্গ প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিষিদ্ধ এই জালের অবাধ ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির কৈ, শিং, মাগুর, পাবদা, টেংরা, পাকাল, বাইন, পুঁটিসহ বিভিন্ন সুস্বাদু মাছের রেণু পোনা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে।
এলাকাবাসী নিষিদ্ধ জাল জব্দ এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।